সাধারণ মানুষের মধ্যে বিশেষ ব্যাক্তিত্বও থাকে



📚ফাওয়ায়েদুল ফাওয়াদ (নিজাম উদ্দীন আউলিয়ার মাজালিশ)
✍🏻খাজা আমীর উলা স্নজরী (রহঃ)
তৃতীয় মজলিস

সাধারণ মানুষের মধ্যে বিশেষ ব্যাক্তিত্বও থাকে
শুক্রবার ১৫ই শাবান ৭০৭ হিজরী। জুমা'র নামাজের পর মাহফিলের কার্যক্রম শুরু হলো। আমি অধম আমার শায়খকে কদমবুসি করে ভাগ্যবান হলাম। এ সময় এক কম্বলাবৃত ফকীর দরবারে প্রবেশ করে কিছুক্ষণ বসলো, তারপর চলে গেলো। এ দৃশ্যটি মজলিসের সকলেরই দৃষ্টি আকর্ষণ করলে হযরত খাজা বললেন, অনেক দরবার আছে যেখানে অপরিচিত খুব কম লোকই প্রবেশের 
সুযোগ পায়। এ সম্বন্ধে তিনি হযরত বাহাউদ্দিন যাকারিয়া মুলতানী (রহঃ)-এর দরবারের কথা উল্লেখ করে বললেন যে তাঁর দরবারে অপরিচিত খুব কম লোকই প্রবেশের সুযোগ পেত। কিন্তু আমার শায়খ হযরত খাজা ফরিদুদ্দিন মাসুদ গঞ্জেশকর রহমতুল্লাহি আলাইহির দরবার ছিলো ভিন্ন ধরনের। তাঁর দরবারে সব রকমের মানুষ ও দরবেশ প্রবেশ করতে পারতো। কারও জন্যই কোন বাধা নিষেধ ছিলো না। আমাদের একটা কথা স্মরণ রাখতে হবে যে, সাধারণ মানুষের মধ্যে কিছু বিশেষ লোকও থাকে।

এ সম্বন্ধে তিনি হযরত যাকারিয়া রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনার বর্ণনায় বললেন, একবার তিনি এক হাঙ্গামার সময় সফরে ছিলেন। পথিমধ্যে এক পলায়নরত দলের সঙ্গে লুকিয়ে পড়লেন। রাত নেমে এসেছিলো। অনেকেই ক্লান্ত দেহ নিয়ে ঘুমিয়ে পড়েছিলো। তিনি জাগ্রত, ইলাহীর জেকেরে মশগুল। হঠাৎ দেখতে পেলেন দলের মধ্য হতে একটি আলো (নূর) বিচ্ছুরিত হচ্ছে। প্রথমে তিনি একটু বিস্মিত হলেন। পরে ঐ নূর (ঐশী আলো) লক্ষ্য করে এগিয়ে গেলেন এবং নূরের উৎস খুঁজে বের করলেন। দেখলেন এক বুজুর্গ মশগুল হয়ে আছেন আল্লাহর ধ্যানে। তাঁর নিকট যেয়ে তিনি জিজ্ঞেস করলেন, 'আপনি এদের মধ্যে কেন?' উত্তরে তিনি বললেন, “হে যাকারিয়া আমি এদের সঙ্গে রয়েছি এজন্য যে, তুমি যাতে বুঝতে পার সাধারণের মধ্যে বিশেষ ব্যক্তিত্বও থাকে”।
-ওয়াল হামদু লিল্লাহ আলা জালেক

পরবর্তী পর্ব
প্রকৃত পীর মুরীদের আমলের দিখে খেয়াল রাখেন

Comments