আমরা সে জাতি (১) খাব্বাব (র.) এর আকাংখা
📚আমরা সেই সে জাতি - ১
খাব্বাব (র.) এর আকাংখা—
একদম প্রাথমিক পর্যায়ে যাঁরা ইসলাম গ্রহণ করেছেন, - খাব্বাব (র.) তাঁদের একজন বোধ হয় ইসলাম গ্রহণের ক্ষেত্রে পাঁচ ছয় জনের পরই তাঁর স্থান হবে। তিনি একজন মহিলার কৃতদাস ছিলেন। মহিলাটি ছিল নিষ্ঠুরতার জ্বলন্ত প্রতিমূর্তি।
যখন সে জানতে পারলো খাব্বাব (র.) ইসলাম গ্রহণ করেছে, তখন তাঁর উপর নির্মম অত্যাচার শুরু হলো। অধিকাংশ সময় তাঁকে নগ্ন দেহে তপ্ত বালুর উপর শুইয়ে রাখা হতো। যার ফলে তাঁর কোমরের গোশত গলে পড়ে গিয়েছিলো। ঐ নিষ্ঠুর রমনী মাঝে মাঝে লোহা গরম করে তাঁর মাথায় দাগ দিত। অনেকদিন পর হযরত উমারে (র.) এর রাজত্বকালে হযরত উমার একদিন তাঁর উপর নির্যাতনের বিস্তৃত জানতে চাইলেন। খাব্বাব তখন বললেন, “আমার কোমর দেখুন।” হযরত উমার কোমরদেখে আঁৎকে উঠে বললেন, “এমন কোমর তো কোথাও দেখিনি।”
উত্তরে খাব্বাব খলিফাকে জানালেন, "আমাকে জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে চেপে ধরে রাখা হতো, ফলে আমার চর্বি ও রক্তে আগুন নিভে যেত।”
এই নির্মম শাস্তি ভোগ করা সত্ত্বেও ইসলামের যখন শক্তি বৃদ্ধি হল এবং মুসলিমদের বিজয় সূচিত হলো, তখন খাব্বাব রোদন করে বলতেন, “খোদা না করুন আমার কষ্টের পুরস্কার দুনিয়াতেই যেন লাভ না হয়।”
মাত্র ৩৬ বছর বয়সে হযরত খাব্বাব (র.) এর ইন্তেকাল হয় এবং সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম তিনিই কুবায় কবরস্থ হন। তাঁর মৃত্যুর পর হযরত আলী (রা.) একদিন তাঁর কবরের পাশদিয়ে যাবার সময় বলেছিলেন, “আল্লাহ খাব্বাবের উপর রহম করুন। তিনি নিজের খুশিতেই মুসলিম হয়েছিলেন। নিজ খুশিতেই হিজরাত করেছিলেন। তিনি সমস্ত জীবন জিহাদে কাটিয়ে দিয়েছিলেন এবং অশেষ নির্যাতন ভোগ করেছিলেন।"
-----------------------

Comments
Post a Comment