ইসলামের বাস্তব কাহিনী (৬) ছিদ্দিকে আকবর (রাদি.) এর স্বপ্ন
📚ইসলামের বাস্তব কাহিনী ✍🏻আবুন-নুর মুহাম্মদ বশীর
কাহিনী নং-৬
হযরত ছিদ্দিকে আকবর (রাদি আল্লাহু আনহু) এর স্বপ্ন—
হযরত ছিদ্দিকে আকবর (রাদি আল্লাহু আনহু) ইসলাম গ্রহণের আগে অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তিনি তখন ব্যবসায়িক ব্যাপারে একবার সিরিয়া গিয়েছিলেন। তথায় একরাতে তিনি স্বপ্নে দেখেন যে, আসমান থেকে চাঁদ সূর্য অবতীর্ণ হয়ে তাঁর কোলের উপর এসে পড়ে। তিনি স্বীয় হাতে চাঁদ, সূর্যকে ধরে বুকে লাগালেন এবং নিজের চাদরে জড়িয়ে নিলেন। সকালে ঘুম থেকে উঠে তিনি এক ঈসায়ী পাদরীর কাছে গেলেন এবং ওর কাছে সেই স্বপ্নের তাবীর জিজ্ঞেস করলেন। পাদরী তাঁকে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমার নাম আবু বকর, আমি মক্কার অধিবাসী। পাদরী জিজ্ঞেস করলেন, আপনি কোন্ গোত্রের লোক? বললেন, বনু হাশেমের। জিজ্ঞেস করলেন, জীবিকার উৎস কি? উত্তর দিলেন, ব্যবসা। এবার পাদরী বললেন, মনোযোগসহকারে শুনুন, শেষ নবী হযরত মুহাম্মদ রসুলুল্লাহ (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) তশরীফ এনেছেন। তিনিও সেই বনী হাশেম গোত্রের অন্তর্ভূক্ত, তিনিই শেষ নবী। যদি তিনি না হতেন, আল্লাহ তাআলা জমীন আসমান কিছুই সৃষ্টি করতেন না। অন্য কোন নবীও সৃষ্টি করতেন না। তিনি সকল নবীর সরদার।
হে আবু বকর! আপনি তাঁর ধর্মে শামিল হয়ে যাবেন, তাঁর উজীর হবেন এবং তাঁর পরে তাঁর খলিফা মনোনিত হবেন। এটাই আপনার স্বপ্নের তাবীর। এটাও জেনে নিন যে আমি এ মহান নবীর প্রশংসা ও গুনকীর্তন তাওরাত ও ইনজিল কিতাবে পড়েছি, আমি তাঁর উপর ঈমান এনেছি এবং মুসলমান হয়েছি। কিন্তু ঈসায়ীদের ভয়ে স্বীয় ঈমান প্রকাশ করিনি।
হযরত ছিদ্দিকে আকবর (রাদিআল্লাহু আনহু) যখন তাঁর স্বপ্নের এ তাবীর শুনলেন, তখন মনের মধ্যে ইশকে রসূলের জজবা সৃষ্টি হলো, কাল বিলম্ব না করে মক্কায় ফিরে আসলেন এবং হুযুর (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) এর সন্ধান নিয়ে হুযুরের দরবারে হাজির হলেন এবং হুযুরকে দেখে চক্ষু জুড়ালেন।
হুযুর (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) ফরমালেন আবু বকর, তুমি এসে গেছ? আর দেরী কর না। তাড়াতাড়ি সত্য ধর্মে দাখিল হয়ে যাও। ছিদ্দিকে আকবর বললেন, খুবই ভাল কথা হুযুর। তবে কোন একটা মুজিজা দেখালে খুশি হতাম। হুযুর ফরমালেন, যে স্বপ্ন তুমি সিরিয়ায় দেখে এসেছ এবং পাদরীর মুখ থেকে যে তাবীব শুনে এসেছ, সেটাইতো আমার মুজিজা। ছিদ্দিকে আকবর এটা শুনে আরয করলেন, হে আল্লাহর রসুল (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) আাপনি সত্য বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি বাস্তবিকই আল্লাহর সত্যিকার রসুল। (জামেউল মুজিজাত ৪ পৃঃ)
-----------------------------

Comments
Post a Comment