ইসলামের বাস্তব কাহিনী (৩২) রাতের চোর
📚ইসলামের বাস্তব কাহিনী ✍🏻আবুন-নুর মুহাম্মদ বশীর
কাহিনী নং- ৩২
রাতের চোর—
একবার হুযুর (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) হযরত আবু হোরাইরা (রাদিআল্লাহু আনহু) কে সদকায়ে ফিতরের মালামাল হেফাজতের জন্য নিয়োজিত করেছিলেন। হযরত আবু হোরাইরা দিনরাত সেই মালের হেফাজত করতে লাগলেন। এক রাতে এক চোর এসে মাল চুরি করতেছিল। হযরত আবু হোরাইরা ওকে দেখে ফেলেন এবং ধরে ফেলেন এবং বলেন আমি তোকে হুযুর (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) এর খেদমতে হাজির করবো। চোর কাকুতি মিনতি করে বললো, আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দিন। আমার পরিবার পরিজন আছে। আমি খুবই অভাবী। একথা শুনে হয়রত আবু হোরাইরার দয়া হলো এবং ওকে ছেড়ে দিলেন। সকালে আবু হোরাইরা যখন বারগাহে রেসালতে হাজির হলেন, তখন হুযূর মুচকি হেসে বললেন, আবু হোরাইরা, তোমার রাতের কয়েদী (চোর) কি বললো? আবু হোরাইরা আরষ করলেন, হুযূর সে স্বীয় পরিবার পরিজন ও অভাব অনটনের কথা বলায় আমার দয়া হলো। তাই ছেড়ে দিয়েছি। হুযূর ফরমালেন, সে মিথ্যা বলেছে। সাবধান থেকো, আজ রাতও সে পুনরায় আসবে। হযরত আবু হোরাইরা বলেন, দ্বিতীয় রাতও আমি ওর অপেক্ষায় রইলাম। দেখতে দেখতে ঠিকই সে আসলো এবং মাল চুরি করেতে শুরু করলো। আমি পুনরায় ওকে ধরে ফেললাম। এবারও সে কাকুতি মিনতি করতে লাগলো। আমারও দয়া হলো, তাই আবার ছেড়ে দিলাম। সকালে হুযুরের বারগাহে হাজির হলে হুযূর পুনরায় জিজ্ঞেস করলেন, তোমার রাতের কয়েদী (চোর) কি বললো? আমি আরয করলাম, হুযূর! সে আজও তার অভাব অনটনের কথা বলেছে। তাই আমার দয়া হওয়ায় আজও ওকে ছেড়ে দিয়েছি। হুযূর ফরমালেন, সে তোমার কাছে মিথ্যা বলেছে। সাবধান! সে আজও আসবে। হযরত আবু হোরাইরা বলেন, তৃতীয় রাত সে আবার আসলো এবং আমি ওকে ধরে ফেললাম এবং বললাম, কমবখত! আজ তোকে আর ছাড়বো না, হুযুরের কাছে নিয়ে যাব। সে বললো, জনাব আবু হোরাইরা, আমি আপনাকে কয়েকটি দুআ শিখায়ে যেতে চাই, সেটা পাঠ করার দ্বারা আপনার উপকার হবে। শুনেন, যখন শুইতে যাবেন তখন আয়াতুল কুরসী পাঠ করে শুইবেন। এর দ্বারা আল্লাহ আপনার হেফাজত করবেন এবং শয়তান আপনার কাছে আসতে পারবে না। হযরত আবু হোরাইরা বলেন, সে আমাকে এ বাক্যগুলো শিখায়ে এবারও আমার থেকে রেহাই পেয়ে গেল। সকালে আমি যখন হুযুরের দরবারে পুরা কাহিনী বর্ণনা করলাম, তখন হুযূর ফরমালেন, সে এ কথাটি সত্য বলেছে অথচ সে বড় মিথ্যুক। তুমি কি জান হে আবু হোরাইরা!এ তিনরাতের চোরটা কে? আমি আরয করলাম, জ্বিনা, ইয়া রসুলল্লাহ! আমি জানিনা। হুযূর ফরমালেন, সে ছিল শয়তান। (মিশকাত-১৭৭ পৃঃ)
সবক: আমাদের হুযূর (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) বিগত ও ভবিষ্যতের সব ঘটনাবলী জানেন। হযরত আবু হোরাইরার কাছে রাতে চোর আসলো, কিন্তু সকালে হুযূর নিজেই বললেন, আবু হোরাইরা! রাতের কয়েদী কি বললো? এটাও বলেছেন, আজ পুনরায় আসবে। ঠিকই তাই হয়েছিল। এতে বুঝা গেল, হুযূর (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) যা হয়েছে এবং যা হবে, সব বিষয়ে জ্ঞাত।
-------------------------

Comments
Post a Comment